বাবা-মায়েদের সাথে কথা হলে প্রায় সবাই একটা প্রশ্ন করেন: "আমার বাচ্চা এত চেষ্টা করে, তবু লেখা সুন্দর হয় না কেন?"
সত্যি কথা হলো, বেশিরভাগ সময় বাচ্চার চেষ্টায় কোনো কমতি থাকে না। গড়বড়টা থাকে কয়েকটা ছোট জিনিসে, যেগুলো শুরুতে কেউ ধরিয়ে দেয়নি। ওগুলো ধরতে পারলে বাচ্চার হাতের লেখা সুন্দর করার উপায় আসলে বেশ সহজ।
বাচ্চার হাতের লেখা সুন্দর করতে হলে আগে দেখুন সে পেন্সিল ঠিকমতো ধরছে কিনা আর সোজা হয়ে বসছে কিনা। তারপর খেলার ছলে আঙুল শক্ত করার কাজ দিন, রুলটানা খাতায় রোজ অল্প সময় প্র্যাক্টিস করান, আর বকা না দিয়ে একটু ভালো হলেই প্রশংসা করুন।
বাচ্চার লেখা খারাপ হয় কেন
আগে কারণটা বুঝে নিন। কারণ না জেনে শুধু "আরো লেখো" বললে বাচ্চা একই ভুল লিখতে লিখতে আরো পাকা করে ফেলে।
১. পেন্সিল ভুলভাবে ধরা
সবচেয়ে বেশি এই সমস্যাটাই দেখি। কেউ মুঠো করে ধরে, কেউ চার-পাঁচ আঙুল দিয়ে চেপে ধরে, কেউ একদম শিষের কাছে ধরে। এভাবে ধরলে অল্পতেই হাত ব্যথা করে, আর লেখা কাঁপা কাঁপা হয়।
২. আঙুলগুলো এখনো ততটা শক্ত হয়নি
লিখতে গেলে আঙুলে জোর লাগে, আর আঙুল দিয়ে ছোট ছোট নড়াচড়া ঠিকমতো করতে পারতে হয়। ছোট বাচ্চাদের এটা আসতে সময় লাগে। এখনকার বাচ্চারা মাটি নিয়ে খেলে কম, রং করে কম, কাগজ কাটে কম, মোবাইলে সময় কাটায় বেশি। তাই অনেকের আঙুল লেখার মতো করে তৈরিই হয় না।
৩. অক্ষর ভুল নিয়মে শেখা
অনেক বাচ্চা অক্ষর শুরু করে ভুল জায়গা থেকে, বা উল্টো দিকে টান দেয়। শুরুতে এটা কারো চোখে পড়ে না। কিন্তু এটাই অভ্যাস হয়ে গেলে, পরে একটু জোরে লিখতে গেলেই লেখা এলোমেলো হয়ে যায়।
৪. ভুলভাবে বসা
বিছানায় উপুড় হয়ে লেখা, সোফায় হেলান দিয়ে লেখা, বা নিজের চেয়ে অনেক উঁচু টেবিলে লেখা। এভাবে বসলে হাত ঠিকমতো চলে না।
৫. তাড়াহুড়ো আর হোমওয়ার্কের চাপ
হোমওয়ার্ক অনেক, আর মাথায় ঘুরছে কখন শেষ করে খেলতে যাবে। তখন অক্ষর কেমন হলো সেদিকে খেয়াল থাকে না, কোনোমতে শেষ করাটাই আসল হয়ে যায়।
৬. লেখা নিয়ে ভয়
লেখা নিয়ে রোজ বকা খেলে বাচ্চা লেখাকেই ভয় পেতে শুরু করে। তখন সে লিখতেই চায় না, আর না লিখলে লেখা ভালো হওয়ার সুযোগও থাকে না।
বাসায় বসে কী করবেন
এবার সমাধানের কথা। দামি কিছু কিনতে হবে না। লাগবে রোজ একটু সময় আর একটু ধৈর্য।
পেন্সিল ধরাটা আগে ঠিক করুন
বাচ্চা পেন্সিল ধরবে বুড়ো আঙুল আর শাহাদত আঙুল দিয়ে, হালকা করে। মাঝের আঙুলটা থাকবে নিচে, ঠেস দেওয়ার জন্য। শিষ থেকে মোটামুটি এক আঙুল ওপরে ধরবে। ছোটদের হাতে একটু মোটা পেন্সিল বা ছোট পেন্সিল ধরতে সুবিধা হয়।
খেলার ছলে আঙুল শক্ত করুন
শুনতে খেলা মনে হলেও লেখার জন্য এগুলো দারুণ কাজের:
- ক্লে বা মাটি দিয়ে ছোট ছোট বল আর লম্বা দড়ি বানানো
- রং পেন্সিলে ছবি রং করা, দাগের বাইরে না যাওয়ার চেষ্টা করা
- কাগজ ছিঁড়ে বা কাঁচি দিয়ে কেটে নানা রকম আকার বানানো
- পুঁতি বা বোতাম সুতায় গাঁথা
অক্ষরের আগে দাগ টানা
সরাসরি অক্ষর না লিখিয়ে কিছুদিন সোজা দাগ, বাঁকা দাগ, গোল আর ঢেউ টানান। সব অক্ষর তো এই দাগগুলো জোড়া দিয়েই বানানো। এগুলো হাতে এসে গেলে অক্ষর লেখা অনেক সহজ হয়ে যায়।
অক্ষর শুরু হোক ঠিক জায়গা থেকে
বাচ্চা যখন লেখে, পাশে বসে কয়েকদিন খেয়াল করুন সে অক্ষরটা কোথা থেকে শুরু করছে আর কোন দিকে টানছে। ভুল হলে আস্তে করে দেখিয়ে দিন। একবারে সব অক্ষর না, দিনে দুই-তিনটা অক্ষর ধরুন।
রুলটানা খাতা আর ঠিক টেবিল
রুলটানা খাতায় লিখলে বাচ্চা সহজে বোঝে অক্ষর কতটা বড় হবে আর কোথায় থামবে। ইংরেজির জন্য চার লাইনের খাতা সবচেয়ে ভালো। টেবিল এমন উঁচু হবে যেন বসলে বাচ্চার কনুই আরামে টেবিলে রাখা যায়, পা ঝুলে না থেকে মেঝেতে বা একটা পিঁড়ির ওপর থাকে।
রোজ অল্প সময়, একই সময়ে
একদিন এক ঘণ্টা বসিয়ে রাখার চেয়ে রোজ অল্প সময় অনেক বেশি কাজে দেয়। ছোটদের জন্য শুরুতে পনেরো-বিশ মিনিটই যথেষ্ট। একটু বড়রা বিশ-ত্রিশ মিনিট। রোজ একই সময়ে বসালে কিছুদিন পর বাচ্চা নিজেই খাতা নিয়ে বসবে।
বকা না, প্রশংসা
পুরো পাতা খারাপ হলেও খুঁজে একটা অক্ষর বের করুন যেটা আগের চেয়ে ভালো হয়েছে, আর সেটা দেখিয়ে প্রশংসা করুন। "এই 'ক'-টা তো দারুণ হয়েছে!" এই একটা কথাতেই বাচ্চা পরের দিন আবার খুশি মনে বসে।
আপনার বাচ্চার লেখায় ঠিক কোথায় সমস্যা? খাতার একটা পাতার ছবি তুলে আমাদের WhatsApp-এ পাঠান। আমরা দেখে বলে দেব কোথা থেকে শুরু করবেন। ছবি পাঠান →
কোন বয়সে কতটা আশা করবেন
সব বাচ্চা এক রকম না, তাই এটা মোটামুটি একটা ধারণা:
- Nursery আর KG (৪-৫ বছর): দাগ টানা, গোল আঁকা, বড় বড় করে অক্ষর চেনা আর লেখা। এই বয়সে লেখা সুন্দর হওয়ার চেয়ে পেন্সিল ঠিকভাবে ধরাটা বেশি জরুরি।
- Class 1 থেকে 3: অক্ষর আর শব্দ লাইনের ওপর সমান মাপে লেখা। ভুল অভ্যাসগুলো ধরে ঠিক করার এটাই সবচেয়ে ভালো সময়।
- Class 4 আর তার ওপরে: লেখা পরিষ্কার রেখে আস্তে আস্তে গতি বাড়ানো। এই বয়সে পুরনো ভুল অভ্যাস ভাঙতে একটু বেশি ধৈর্য লাগে, কিন্তু ঠিক হয়।
আমাদের কোর্সে Nursery থেকে, মানে চার বছর বয়স থেকেই শুরু করা যায়। ছোটরা একটু সময় নেয়, কিন্তু ঠিকই শিখে ফেলে।
যে ভুলগুলো আমরা বাবা-মায়েরা করি
ভালো চেয়েই করি, কিন্তু ফল হয় উল্টো:
- একটানা অনেকক্ষণ বসিয়ে রাখা। ক্লান্ত হাতে লেখা আরো খারাপ হয়, আর বাচ্চা লেখাকে শাস্তি মনে করতে শুরু করে।
- বকাঝকা আর খাতা ছিঁড়ে ফেলা। এতে লেখা ভালো হয় না, উল্টো লেখার ভয় ঢুকে যায়।
- অন্যের বাচ্চার সাথে তুলনা। "দেখো, ও কত সুন্দর লেখে" শুনলে বাচ্চার মন ভেঙে যায়।
- শুরুতেই দ্রুত লেখার চাপ। আগে সুন্দর, পরে দ্রুত। উল্টোটা করলে পুরনো ভুলগুলোই পাকা হয়।
- হোমওয়ার্ক নিজে লিখে দেওয়া। কাজ তাড়াতাড়ি শেষ হয় ঠিকই, কিন্তু বাচ্চার আর শেখা হয় না।
বড়দের জন্য সাধারণ নিয়মগুলো জানতে চাইলে পড়ে দেখুন হাতের লেখা সুন্দর করার ১০টি উপায়।
বাচ্চার খাতাটা আমাদের দেখান
ওপরের কথাগুলো মোটামুটি সব বাচ্চার বেলায় খাটে। তবে আপনার বাচ্চার লেখায় ঠিক কোন জায়গায় গড়বড়, পেন্সিল ধরায়, অক্ষরের গড়নে নাকি লাইন ঠিক রাখায়, সেটা খাতা না দেখে বলা মুশকিল।
- বাচ্চার খাতা থেকে লেখা আছে এমন যেকোনো একটা পাতা বেছে নিন।
- পরিষ্কার করে একটা ছবি তুলে WhatsApp-এ পাঠান, সাথে বাচ্চা কোন ক্লাসে পড়ে সেটা লিখে দিন।
- আমরা দেখে বলে দেব কোথায় সমস্যা আর বাসায় কীভাবে শুরু করবেন।
এর জন্য কোনো টাকা লাগবে না। কোর্স নিতেই হবে, এমনও না।
আপনার প্রশ্ন, আমার উত্তর
কোন বয়স থেকে বাচ্চাকে হাতের লেখা শেখানো শুরু করব?
চার বছর বয়স, মানে Nursery থেকেই শুরু করা যায়। তবে এই বয়সে শুধু পেন্সিল ঠিকমতো ধরা আর দাগ টানা শেখালেই যথেষ্ট। লেখা সুন্দর করার জন্য চাপ দেবেন না, ওটা আস্তে আস্তে আসবে।
বাচ্চার হাতের লেখা সুন্দর হতে কতদিন লাগে?
কতদিন লাগবে, সেটা বাচ্চা কতটা নিয়মিত বসে তার ওপর। রোজ অল্প সময় করে সপ্তাহে চার-পাঁচ দিন প্র্যাক্টিস করলে সাধারণত দুই-তিন সপ্তাহের মধ্যেই পরিবর্তন চোখে পড়ে। ছোটরা একটু বেশি সময় নিতে পারে।
বাচ্চা লিখতে বসতেই চায় না, কী করব?
লেখাকে শাস্তি না বানিয়ে খেলা বানান। অল্প সময়ের জন্য বসান, রং করা বা দাগ টানার মতো মজার কাজ দিয়ে শুরু করুন, আর একটা অক্ষর ভালো হলেই প্রশংসা করুন। বকা খেলে বাচ্চা আরো দূরে সরে যায়।
আমার বাচ্চা বাঁহাতি, তাকে কি ডান হাতে লেখাতে হবে?
না। জোর করে ডান হাতে লেখালে উল্টো ক্ষতি হয়। বাঁহাতি বাচ্চার খাতাটা শুধু একটু বাঁ দিকে কাত করে দিন, আর পেন্সিল শিষ থেকে একটু বেশি ওপরে ধরতে বলুন, যাতে লেখার ওপর হাত না পড়ে।
বাচ্চা অক্ষর উল্টো লেখে, যেমন b আর d গুলিয়ে ফেলে। এটা কি সমস্যা?
ছোট বয়সে এটা অনেক বাচ্চাই করে, আর বেশিরভাগ কিছুদিনের মধ্যেই নিজে থেকে ঠিক করে ফেলে। অক্ষরগুলো আলাদা আলাদা দিনে শেখান আর কোথা থেকে টান শুরু হবে সেটা দেখিয়ে দিন। বড় হয়েও অনেকদিন ধরে চলতে থাকলে স্কুলের শিক্ষকের সাথে কথা বলুন।
বাচ্চাকে পেন্সিলে লেখাব নাকি কলমে?
শুরুতে পেন্সিল। ভুল হলে মুছে আবার লেখা যায়, আর হাতও আস্তে আস্তে পাকা হয়। লেখা মোটামুটি পরিষ্কার হয়ে গেলে, সাধারণত একটু বড় ক্লাসে, কলমে যাওয়া যায়।
বাচ্চা ঘরে বসেই শিখুক
ভিডিওগুলো এমনভাবে বানানো যে বাচ্চা একা বসেই দেখে দেখে শিখতে পারে, আপনাকে সারাক্ষণ পাশে বসে থাকতে হবে না। প্র্যাক্টিস শিট আমরা বাসায় পাঠিয়ে দিই।
- ৩৪টি ভিডিও ক্লাস
- Nursery থেকে Class 10, সবার জন্য
- বাংলা, ইংরেজি, সংখ্যা আর আরবি
- লেখা সুন্দর না হওয়া পর্যন্ত সাপোর্ট